২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হওয়ার কথা থাকলেও সরকারি অনুমতি পায়নি এই নতুন রাজনৈতিক জোট।
ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, ২৪ অক্টোবর তারা অনুমতি চেয়েছেন। সেদিন অনুমতি না পেলেও তারা সিলেটে যাবেন। সিলেটে প্রথমে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন। এরপর জেনারেল ওসমানীর মাজার জিয়ারত শেষ করে জনসভায় অংশ নেবেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক বাড়িতে জাতীয় ঐক্যফ্রন্ট এর পরবর্তী করণীয় নির্ধারণী বৈঠক শেষে এসব কথা বলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মিন্টু।
তিনি বলেন, ২৩ অক্টোবর আমরা সিলেটে জনসভার অনুমতি চেয়েছিলাম। কিন্তু একই দিন স্বেচ্ছাসেবক লীগের জনসভা আছে জানিয়ে আমাদেরকে অনুমতি দেয়া হয়নি। পরে আমরা ২৪ অক্টোবরের জন্য অনুমতি চেয়েছি। এদিন অনুমতি না পেলেও আমরা সিলেটে যাবো।
এছাড়া ২৬ অক্টোবর রাজধানীতে পেশাজীবীদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক এবং ২৭ অক্টোবর চট্টগ্রামে কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।
এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্ট পরিচালনার জন্য একটি স্টিয়ারিং কমিটি এবং সমন্বয়ক কমিটিও গঠন করেছে বলে জানান মোস্তফা মহসিন মিন্টু৷ তবে এসব কমিটিতে কারা আছেন তা পরে জানিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব প্রমুখ।







