আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সদস্য সংগ্রহ নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে। পরগাছারা যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সদস্যপদ চূড়ান্ত করার আগে যাচাইবাছাই করতে হবে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সদস্য নবায়নের জন্য জেলার নেতাদের হাতে সদস্য ফর্ম তুলে দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এরপর ওবায়দুল কাদের সারাদেশে সাংগঠনিক জেলার নেতাদের হাতে সদস্য নবায়ন বই তুলে দেন।
ইভিএম প্রসঙ্গে প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন: ইভিএম এর দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে এনালগে থাকতে চাই না। ভোটও ডিজিটাল পদ্ধতিতে হবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনারের কাছে এই যুক্তি জোরালোভাবে তুলে ধরবো।
আওয়ামী লীগ বিচার বিভাগ করায়ত্ত্ব করতে চায়- বিএনপির এমন মন্তব্যের জবাবে ওবায়দুল বলেন: বিচার বিভাগ বিএনপি করায়ত্ত্ব করেছে। তারা ক্ষমতায় থাকতে একজন শিক্ষককে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছিল এটা সবার জানা। তত্ত্বাবধায়ক সরকার করতে বিএনপি বিচারপতি কেএম হাসানের বয়স বাড়িয়েছিল।







