বেতন-ভাতা সংক্রান্ত ঝামেলা এখনো ঝুলে আছে। খেলোয়াড়রা জানিয়ে দিয়েছেন দাবি না মানলে বাংলাদেশ সিরিজ বয়কট করা হবে। এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ‘২৫ জুলাই আসছে তাদের পর্যবেক্ষক দল। এবার ভেন্যু ও হোটেলের সুযোগ-সুবিধা তদারকি করবেন তারা।’
নিজামউদ্দিন শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তা দেখে গেছেন। ইংল্যান্ড সিরিজের সময়ও তারা ঢাকায় ছিলেন এবং নিরাপত্তা পরিস্থিতি দেখেছেন। এখন যারা বাংলাদেশ সফরে আসবেন তারা কেবল সুযোগ-সুবিধা বিষয়ক ব্যাপারগুলো দেখবেন। তাদের কোনো পরামর্শ থাকলে সেটা বলবেন।’
অস্ট্রেলিয়ার ‘এ’ দল ইতিমধ্যে সাউথ আফ্রিকা সফর বাতিল করেছে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের ঝামেলা দ্রুত মিটে যাক, চাইছে বাংলাদেশও। কেননা ১৮ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা তাদের। ঝামেলা না মিটলে সিরিজটি বাতিলের শঙ্কা থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে না ভেবে সিরিজটি সুন্দরভাবে আয়োজনের বন্দোবস্ত করা নিয়েই চিন্তা করছে বিসিবি। নিজামউদ্দিন এ ব্যাপারে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয়ই সেভাবে এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।’
২৩-২৪ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। সিরিজের প্রথম টেস্ট ২৭-৩১ আগস্ট মিরপুরে আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর।







