অনশন ভাঙল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে অনশন ভেঙেছে।
আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে প্রতিবাদী শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আন্দোলনের পঞ্চম দিনে অনশন শুরু করে ছয় শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সামনে ও পাশের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করে ছয় শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ ছিল, চুক্তিতে থাকা আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাকে লাঞ্ছিত করেন।
এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এই পরিস্থিতিতে গত বুধবার থেকে দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।








