ইংরেজি যাদের মাতৃভাষা নয় এবং যারা ভাষাগত দক্ষতাবৃদ্ধি ও একইসঙ্গে মিডিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তাদের জন্য বিনামূল্যে ‘ম্যাসিভ অনলাইন ওপেন কোর্স’ (এমওওসি) আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মিডিয়া আমাদের জীবনে কী ভূমিকা রাখে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমরা মিডিয়ায় যা পড়ি ও দেখি তা বিশ্লেষণের জন্য কোর্সটি প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং ভাষাগত দক্ষতা তৈরিতে সহায়তা করবে।
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এই কোর্সটি তৈরি করেছে। কোর্সটিকে পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির জন্য উপযোগী করে গড়ে তুলেছে অলাভজনক মানব উন্নয়ন বিষয়ক সংগঠন এফএইচআই ৩৬০।
বর্তমানে অনলাইন কোর্সটিতে তালিকাভুক্তি চলছে। তালিকাভুক্তির পরে অংশগ্রহণকারীরা কোর্সটিতে অংশ নিতে যেকোন সময় (দিন বা রাত) লগ ইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউল অবশ্যই জানুয়ারি ১৩, ২০২০ এর মধ্যে শেষ করতে হবে। ৭০% বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীরা পাবেন একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিতে চলতি বছর যুক্তরাষ্ট্রের স্থানীয় কূটনৈতিক মিশন যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মিডিয়া সাক্ষরতার জন্য ইংরেজি শিক্ষার এই বিশেষ অনলাইন কোর্সটি (এমওওসি) তার অন্যতম।
কোর্সে ভর্তির জন্য নিম্নলিখিত ওয়েবসাইটে যেতে হবে:
https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমেরিকান ইংলিশ (এই) ই-টিচার কর্মসূচির মাধ্যমে আয়োজিত অন্যান্য এমওওসি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://www.aeeteacher.org/node/273.








