গত প্রায় এক যুগ ধরে যে লজ্জা বয়ে বেড়াতে হয়েছে বাংলাদেশকে; এবার সেই লজ্জার তালিকায় নাম উঠলো শ্রীলঙ্কারও। লঙ্কান বোলারদের রীতিমত লজ্জায় ডুবিয়ে টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মত টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে অনন্য এক কীর্তি গড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশে বসলো পাকিস্তান।
এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথমবারের মত টানা সেঞ্চুরি করেছিলেন ভারতের চার টপঅর্ডার ব্যাটসম্যান। সেই টেস্টে দুই ওপেনার দীনেশ কার্তিক ও ওয়াসিম জাফরের পর সেঞ্চুরি পান রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারও।
এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটলো করাচিতে। করাচি টেস্টের তৃতীয় দিনেই সেঞ্চুরি তুলে নেন দুই পাকিস্তানি ওপেনার শান মাসুদ ও আবিদ আলি। মাসুদ ১৩৫ ও আবিদ ১৭৪ করে আউট হলে চতুর্থ দিনে হাল ধরেন অধিনায়ক আজহার আলি ও বাবর আজম। আজহার ১১৮ করে আউট হলেও বাবর অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে।
নিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানের হয়ে আরেকটি কীর্তিও গড়েছেন আবিদ আলি। প্রথম পাকিস্তানি ও টেস্ট ইতিহাসে নবম ব্যাটসম্যান হিসেবে প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি পেলেন এই ওপেনার। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টেও অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছেন আবিদ।
চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৫৫৫ রানের বিশাল রান দাঁড় করায় পাকিস্তান। তাতে লঙ্কানদের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৬ রানের। এত বিশাল রান তাড়া করতে গিয়ে এখন হার চোখ রাঙাচ্ছে লঙ্কানদের। ৯৭ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। সোমবার শেষদিনে প্রকৃতির সাহায্য না পেলে বলতে গেলে হার নিশ্চিত সফরকারীদের।








