রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে কুপিয়ে হত্যার দুইদিন পর সোমবার
গাজীপুরে গুলি করে কারারক্ষী, রাজধানীতে কলাবাগানে সাবেক মার্কিন
রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড-এর কর্মকর্তা জুলহাস
মান্নান এবং তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এই ঘটনার পর
রাতেই কুষ্টিয়ার ভেড়ামারায় মজিবুর রহমান নামের এক অবসরপ্রাপ্ত প্রধান
শিক্ষক কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার আপন ভাই মিজানুর রহমানও গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ তাৎক্ষনিকভাবে হত্যার কোনো কারণ জানাতে পারেনি। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাসায় ফিরছিল।
পথের মধ্যে তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান। গুরুতর আহত হন তার ভাই ব্যবসায়ী মিজানুর রহমান।
নিহত মজিবুর রহমানের ভাগ্নে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী জানান, মিজানুর রহমানের নাতীকে একই এলাকার আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলামসহ তার কয়েকজন সহযোগী উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় সোমবার সকালে বিচার শালিস হয়। বিচারে বিষয়টির সমাধান করেন এলাকার মুরুব্বীরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারনা করছি।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (ভেড়ামারা) সার্কেল কামরুল হাসান জানান, দুর্বৃত্তদের হামলায় সাবেক এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই ভাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।







