এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তান দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। তবে অবসরে যাচ্ছেন না জানিয়ে বলেছেন, দলের একজন সদস্য হিসেবে দেশের হয়ে খেলে যেতে চান।
রবিবার বিকেলে নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এ হার্ড হিটার।
বিবৃতিতে আফ্রিদি বলেন, পাকিস্তানের ভক্ত এবং সারা বিশ্বের আমার ভক্তদের উদ্দেশ্যে আমি আজ বলতে চাই পাকিস্তানের টি-২০ দলের অধিনায়কত্ব থেকে নিজের ইচ্ছাতেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, যে কয়েকদিন আমি অধিনায়কত্ব করেছি; ততোদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের দায়িত্ব পালন করেছি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি নিজের দেশকে ক্রিকেটের তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছি। যা আমার কাছে অনেক সম্মানের।
‘আমি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে ধন্যবাদ জানাই তিনি আমার হাতে দেশের প্রতিনিধিত্ব করার নেতৃত্ব তুলে দিয়েছিলেন।’
বুমবুম আফ্রিদি আরো বলেন, ভক্তদের উদ্দেশ্যে আমি বলতে চাই খেলোয়াড় হিসেবে আমি জাতীয় দল, লিগে খেলে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার নিজেকে বিশ্ব ক্রিকেট অঙ্গনে মেলে ধরতে পারি।
শহীদ আফ্রিদির নেতৃত্বে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় পাকিস্তান। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও পরাজিত হয় পাকিস্তান।
ক্রিকেটের সংক্ষিপ্ততম বিশ্বকাপের আসরে চার ম্যাচে আফ্রিদি ১০০ রানও করতে পারেনি। ঠিক তেমনি বল হাতেও ব্যর্থ ছিলেন এই লেগ স্পিনার।
বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির জন্য আফ্রিদি তুমুল সমালোচনার শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, দলের খেলোয়াড়দের সামলাতে ব্যর্থ ছিলেন তিনি। এছাড়া নিজেও নাকি কোচের পরামর্শ মানতেন না।
শনিবার বোর্ড সভা শেষে ইঙ্গিত আসে, আফ্রিদিকে বরখাস্ত করা হতে পারে। তার পরের দিনই নিজে থেকে সরে দাঁড়ালেন আফ্রিদি।








