এটিপি কাপে খেলতে সিডনি যাচ্ছেন না সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার কড়া করোনাভাইরাস প্রটোকলের কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৪ বছর বয়সী মহাতারকা।
আসছে সপ্তাহ থেকে সিডনিতে শুরু হচ্ছে এটিপি কাপ। টুর্নামেন্টে সার্বিয়া টিমের হয়ে খেলার কথা ছিল জোকারের।
মহামারির সময়টাতে অস্ট্রেলিয়াজুড়েই চলছে হরেক বিধিনিষেধ। যার একটি হল, বাইরে থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করা সকলকে ভ্যাক্সিনেটেড হতে হবে।
এদিকে জোকোভিচ ভ্যাক্সিনেটেড কিনা সেটা ব্যক্তিগত কারণে জানাতে অনিচ্ছুক। তাই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না সার্বিয়ান কিংবদন্তির।
নতুন বছরের প্রথমদিনে শুরু হয়ে এবারের এটিপি কাপ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সেখানে সার্বিয়ার গ্রুপে খেলবে নরওয়ে, চিলি ও স্পেন।








