বল টেম্পারিং কেলেঙ্কারির পর টালমাতাল অস্ট্রেলিয়া ক্রিকেট। তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর এখন পদত্যাগরে হিড়িক লেগেছে অজি ক্রিকেট বোর্ডে। তাতে সবশেষ যুক্ত হয়েছেন মার্ক টেলর। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই অধিনায়ক।
বোর্ডের টপ ফিগারদের মধ্যে টেলর তিননম্বর, যিনি পদত্যাগ করলেন। তার আগে সরে দাঁড়িয়েছেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ডেভিড পিভার।
গত ১৩ বছর ধরে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন টেলর। তবে শুধু বল টেম্পারিংকাণ্ডের কারণেই নয়, কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার আছে তার সরে যাওয়ার পেছনে। ইংল্যান্ড বিশ্বকাপ ও ২০১৯ অ্যাশেজ সিরিজের জন্য টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল নাইনের’ সঙ্গে চুক্তি করেছেন টেলর। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা বলে এখন বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
পদত্যাপত্রে টেলর লিখেছেন, ‘আমি দীর্ঘ সময় আত্মা অনুসন্ধানের পর এই সিদ্ধান্তে পৌঁছেছি এবং বিশেষ করে খেলার সেরা স্বার্থগুলো স্পষ্টভাবে মনে রেখে।’
বল টেম্পারিংকাণ্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট নিষিদ্ধ হওয়ার পর টেলর বলেছিলেন, খেলোয়াড় অ্যাসোসিয়েশন ও বোর্ডের মধ্য সম্পর্ক ঠিক করতে কঠিন চেষ্টা করেছি আমি।
চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করতে গিয়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন অজিদের তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন বেনক্রফট।
গত সোমবার সিডনির এথিকস সেন্টারের স্বাধীন এক রিপোর্টে বল টেম্পারিং নিয়ে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ভয়ঙ্কর সব তথ্য। সঙ্গে বলা হয়েছে, অহংকার এবং প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার প্রবণতা; এ দুই কু-মানসিকতায় দিন দিন বিপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।








