দুই দলের ভিন্ন চিত্র। এক দল আছে ফুরফুরে মেজাজে, আরেক দলকে পড়তে হবে অগ্নি পরীক্ষায়। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার ভোরে নিজ নিজ খেলায় মাঠে নামছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিল।
নিজেদের মাঠে খেলা। কিন্তু আর্জেন্টিনার কোচ এগার্ডো বাউজার কপালে চিন্তার বাজ পড়ছে বইকি! ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান লা আলবিসেলেস্তাদের। এক ম্যাচ খারাপ করলেই খাদে গিয়ে পড়তে হবে। তার ওপর প্রতিপক্ষ চিলি। যাদের কাছে পরপর দুটি কোপা আমেরিকা শিরোপা খুইয়েছেন মেসিরা।
তবে বাউজার স্বস্তি; পূর্ণ শক্তির দলকেই পাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মে আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তাকে যোগ্য সঙ্গ দিতে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, হিগুয়েনের মতো আক্রমণ শক্তি। রক্ষণদুর্গ সামলাতে আছেন মাশ্চেরানো, রোহো, জাবালেতার মত অভিজ্ঞ ডিফেন্ডাররা। তারপরও শান্তি ফিরবে বাউজার মনে?
অন্যদিকে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন মেসিরা। ইজিকুয়েল লাভেজ্জি গাজা টেনেছেন- এমন প্রতিবেদনের প্রতিবাদে গত নভেম্বরে গণমাধ্যম কর্মীদের বয়কট করেছেন আর্জেন্টিনা ফুটবলাররা।
সম্পূর্ণ উল্টো চিত্র ব্রাজিল শিবিরে। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ে। খেলা হবে উরুগুয়ের মাঠে। কিন্তু এসব থোড়াই কেয়ার করছেন নেইমাররা। টেবিলের শীর্ষ দল তারা, তার ওপর নিষেধাজ্ঞার কারণে প্রতিপক্ষ দলে নেই সুয়ারেজের মত খেলোয়াড়। আত্মবিশ্বাসী হতেই পারেন টিটে শিষ্যরা।
ব্রাজিলের জন্য কেবল একটিই দুঃসংবাদ। চোটের কারণে গ্যাব্রিয়েল জেসাসকে পাচ্ছেন না কোচ টিটে। কিন্তু সবকিছু ভুলিয়ে দিতে আছেন নেইমার একাই। আছেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি কাসেমিরো। তাই উরুগুয়ের মাঠে নির্ভার দল নিয়েই নামছেন সেলেসাও কোচ।
বিশ্বকাপের বাছাই শেষে লাতিন অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি যাবে মূল পর্বে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে-অফ।







