নিউজিল্যান্ড সফরে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাসের টসের অপেক্ষা বাড়িয়েছে বৃষ্টি। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে চোটের কারণে পাচ্ছে না বাংলাদেশ।
চোটে ছিটকে যাওয়া দলপতির জায়গায় নেতৃত্ব দেবেন লিটন। বাংলাদেশ দলের সপ্তম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের মুখে আছে সফরকারীরা।
ইডেন পার্কে বৃষ্টির পূর্বাভাস ছিল। বর্ষণের কারণে বিকেলে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মেয়েদের টি-টুয়েন্টিতে ২০ বলও খেলা গড়ানো সম্ভব হয়নি।
নেপিয়ারে একদিন আগে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাঁ-ঊরুতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেটাই কাল হল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১২টায় ম্যাচ মাঠে গড়ানোর সূচি ছিল। টসেই দেরি, বাকিটা ঝুলে থাকল বৃষ্টির বদান্যতার উপর!








