সংক্রামক রোগ নির্ণয়ে রোহিঙ্গাদের নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর

বাংলাদেশের ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টার (এনআইসি) এর আইইডিসিআর ভবনের সাইনবোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস ঘটনায় কক্সবাজার, টেকনাফ ও উখিয়া অঞ্চলে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কোন সংক্রামক রোগ রয়েছে কি না তা যাচাইয়ে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর এর একটি বিশেষ মেডিকেল টিম।
সংক্রামক ব্যাধি, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর বলেন, কোন রোহিঙ্গা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে কি না তা যাচাইয়ের জন্য মেডিকেল টিম নমুনা সংগ্রহ করবে। এছাড়া অপুষ্টির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় এখানকার প্রায় সকল ছেলেমেয়েরই পুষ্টির চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে।
বাসসে প্রকাশিত খবরে জানা যায়, এক রোহিঙ্গা শরণার্থীর শরীরে এইচআইভি পজিটিভ ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় কক্সবাজার, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে এই বিশেষ টিম প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে।
ডা. এএসএম আলমগীর বলেন, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে এইচআইভি আক্রান্ত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য অন্যদের কাছ থেকে আলাদা রাখা হয়েছে। এছাড়াও সরকারের উদ্যোগে এক লাখ ২০ হাজার হামের ভ্যাকসিন, ৪০ হাজার পোলিও ভ্যাকসিন ও ৩৮ হাজার ভিটামিন ট্যাবলেট বিতরণের জন্য সেখানে ৩২ টি মেডিকেল টিম কাজ করছে।
তিনি বলেন, খাদ্য ও পানি দূষণের কারণে অনেক রোহিঙ্গা এখন ডায়রিয়া, গলার সংক্রমণ, নিউমোনিয়া, ক্রণিক চর্মরোগ ও জ্বরে ভুগছেন।






