রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশপুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম সায়েদাবাদ ও গাবতলী বাসস্ট্যান্ড, বংশাল, ভাটারা, কমলাপুর বিআরটিসি বাসস্ট্যান্ড এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এই সদস্যদের গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন।
এ সময় আটককৃত অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে ঘুমের ওষুধ মেশানো হালুয়া ও চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকার বাস, সিএনজি, রেলস্টেশন ও লঞ্চঘাটে অবস্থানরত নিরীহ ও সাধারণ যাত্রীদের টার্গেট করে তাদেরকে কৌশলে বিভিন্ন প্রকার জুস, শরবত ও হালুয়ার সাথে চেতনানাশক ওষুধ মিশ্রিত করে খাওয়ানোর পর অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়।
সাধারণত এরা যাত্রীবেশে কিংবা হকার, চা ও পান বিক্রেতা সেজে কৌশলে এ ধরনের প্রতারনা করে থাকে।







