ওয়ানডে সংস্করণে সাধারণত সবুজ জার্সিতে খেলে থাকে সাউথ আফ্রিকা। তবে বছরের অন্তত একটি দিন হোম সিরিজে তারা গোলাপি রঙের জার্সি গায়ে জড়ায়। ‘পিঙ্ক ওয়ানডে’খ্যাত ম্যাচে এবার প্রতিপক্ষ হিসেবে জড়িয়ে গেল বাংলাদেশের নামও।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের জার্সিতেই শুধু নয়, ম্যাচের স্টাম্প আর স্কোরকার্ডের গ্রাফিক্সেও আছে গোলাপির ছোঁয়া।
স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ২০১১ সালে ‘পিঙ্ক ডে’ পালনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএ)। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সার আক্রান্তদের সহায়তায় ব্যয় করা হয়।
গোলাপি জার্সিতে প্রোটিয়ারা সবসময় দাপুটে খেলে থাকে। প্রথম ছয় ম্যাচের সবগুলো জিতেছিল তারা, গত দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। রোববার বাংলাদেশের বিপক্ষে দারুণ খেলছে তারা। সফরকারীদের ব্যাট হাতে দাঁড়াতেই দিচ্ছেন না কাগিসো রাবাদারা।










