পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে ১ আগস্ট।
দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন ওইদিন পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকেছেন বলে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্যা ডন। ওই অধিবেশনেই দেশটির প্রধানমন্ত্রী বিষয়ে ভোটাভুটি হবে।
গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করলে পদত্যাগ করেন তিনি। পরবর্তী সাধারণ নির্বাচনের আগে পর্যন্ত থাকা মেয়াদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশন ডেকেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের দলীয় প্রধান নওয়াজ শরীফ মনোনীত প্রার্থীই– তার ভাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফই– জয়ী হবেন বলে একরকম নিশ্চিত।
তবে ভোটে জয়ী হলেও ক্ষমতা গ্রহণের জন্য আরও মাস দুই সময় লাগবে নতুন প্রধানমন্ত্রীর। ততদিন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শহীদ খাকান আব্বাসি।








