গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল রোববার শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এই ভর্তিযুদ্ধ চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
এবছর প্রায় ১৯ শ’ আসনের বিপরীতে ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৯১ জন শিক্ষার্থী। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় আবেদনের এই সংখ্যা বেড়েছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের বিভিন্ন জেলা থেকে এসে ভর্তিচ্ছুরা ভিড় জমাচ্ছে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে।
শনিবার ক্যাম্পাসে দেখা যায়, ভর্তিচ্ছুদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত তৈরি করা হয়েছে প্রায় দেড় শতাধিক তথ্য সহায়তা কেন্দ্র (টেন্ট)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ সমিতি, ছাত্র সংগঠন ও বিভাগের এসব তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়।
ভর্তি পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও আবু হাসান।

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত। আশা করছি কোন ধরণের সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
আবু হাসান আরও জানান, ইতিমধ্যে ভর্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে (ju-admission.org) ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটের পরীক্ষা মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হবে।
এ বছর ‘এ’ ইউনিটের পরীক্ষায় সর্বমোট ৬৮ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আর ‘এ’ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষায় এ বছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ‘এফ’ ইউনিট অর্থাৎ আইন অনুষদে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৫৮৪ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ju-admission.org থেকে জানা যাবে।








