জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই আয়োজন করেছে ভিন্ন এক অনুষ্ঠানের।
দেশবরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা নজরুলের জনপ্রিয় ৪টি গান নতুন করে আবার
গাইবেন।
আর এই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করবেন চার নারী নির্মাতা। তারা হলেন, চলচ্চিত্রকার নারগিস আক্তার, বিজ্ঞাপন নির্মাতা রেবেকা সুলতানা বিন্তি, চ্যানেল আই-এর প্রযোজক অনন্যা রুমা এবং নাট্য নির্মাতা লুৎফুন্নাহার মৌসুমী।
তাদের প্রত্যেকে প্রিয় কবির একটি করে গানের মিউজিক ভিডিও বানাবেন। ওই গানে ফেরদৌস আরা সরাসরি কণ্ঠ দিবেন। এরসঙ্গে ভিডিও চিত্রে থাকবেন কয়েকজন তরুণ মডেল।
‘তোমার বুকের ফুলদানিতে’ নজরুলের জনপ্রিয় এ গানের ওপর চলচ্চিত্রের আদলে ভিডিও নির্মাণ করবেন নারগিস আক্তার। ‘নহে নহে আখি প্রিয় জল’ এই গানে বাংলাদেশের সেনাবাহিনীর আত্মত্যাগের ওপর ভিত্তি করে মিউজিক ভিডিও নির্মাণ করছেন রেবেকা সুলতানা বিন্তি।
‘বাকা চোখে চাহে’ এই গানের ওপর মিউজিক ভিডিও নির্মাণ করছেন অনন্যা রুমা। এবং ‘নয়ন ভরা জল গো তোমার’ এ গানটির ভিডিও নির্মাণ করছেন লুৎফুন্নাহার মৌসুমী।
আগামী ২৫ মে রাত আটটায় চ্যানেল আই এর পর্দায় জাতীয় কবি নজরুল ইসলামকে ঘিরে গানের এই বিশেষ মিউজিক ভিডিও প্রচার করা হবে।







