রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। একটি তার্কিশ এয়ারক্রাফট প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত মাসে তুরস্ক সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
সফরকালে বিনালি ইলদিরিম মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করবেন।
সাভার থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আসার পথে তুরস্কের প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলানগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট উদ্বোধন করবেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বিষয় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তিনি শরণার্থীদের অবস্থার উন্নয়নে প্রচেষ্টার বিষয় নিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।








