রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারানোর পর ফ্রান্স তারকা পল পগবা জয় উৎসর্গ করেছেন গুহায় আটকে পড়া থাই কিশোর ফুটবলারদের।
থাইল্যান্ডের দুর্গম এক গুহায় আটকে পড়ার ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে। পুরো বিশ্ব একদিন উৎকণ্ঠায় দিন কাটিয়েছে।
অন্ধকার গুহায় এতদিন আটকে থাকার পরও মনোবল হারায়নি তরুণ ফুটবলাররা। তাদের এই মানসিক শক্তিকেই প্রশংসায় ভাসিয়েছেন পগবা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পগবা লিখেছেন, এই জয়টা উৎসর্গ করছি এ সময়ের আলোচিত থাই নায়কদের, অভিনন্দন ছেলেরা, তোমরা আসলেই অনেক শক্তিধর।
অন্যদিকে থাইল্যান্ডে যা ঘটেছে তাতে বিস্ময় প্রকাশ করে ম্যানচেস্টার ইউনাইটেডের বস হোসে মরিনহো বলেছেন, সত্যিকারের নায়করা তো থাইল্যান্ডে, বিশ্বকাপ মাঠে নয়।
একইসঙ্গে শ্বাসরুদ্ধকর অভিযানে অংশ নেয়া ডুবুরিদেরও প্রশংসা করেছেন তিনি।







