বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) একটি আঞ্চলিক জোট। । দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল ও মিয়ানমার এই জোটের সদস্য। আন্তর্জাতিক এই জোটের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায়। এবার বিমসটেক প্রথম চলচ্চিত্র উৎসব আয়েজন করতে যাচ্ছে।
২২ জুলাই ঢাকায় শুরু হবে এই উৎসব। এখানে ৭টি দেশের ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব আয়োজনে সহযোগিতা করছে রেইনবো চলচ্চিত্রে সংসদ। আর এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকায় বিমসটেক সচিবালয়ে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিমসটেক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিমসটেকের পরিচালক নাজমুল হাসান, সেক্রেটারি জেনারেল সুমিত নাকানদালা, রেইনবো চলচ্চিত্র সংসদের আহমেদ মুজতবা জামালসহ অনেকে ।
উৎসবে থাকছে বাংলাদেশের চারটি চলচ্চিত্র—‘অনিল বাগচীর একদিন’, ‘আয়নাবাজি’, ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অজ্ঞাতনামা’। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। উৎসবে আরও থাকছে ভারতের ৪টি, মিয়ানমারের ২টি, নেপালের ২টি, থাইল্যান্ডের ২টি, শ্রীলঙ্কার ১টি এবং ভুটানের ১টি চলচ্চিত্র। ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ছবির প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেকের ২০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব আয়োজন করা হচ্ছে। আগামী ২২ জুলাই সকাল ১১টায় উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘বিমসটেক’–এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমিত নাকানদালা।
এখানে আরও জানানো হয়, বিমসটেক–এর মূল উদ্দেশ্য হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গপোসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।










