মাদক কাণ্ডে বেকায়দায় শাহরুখ পুত্র আরিয়ান খান। আজ আরিয়ানের এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আজই জামিনের আবেদন করবেন আরিয়ানের আইনজীবী। শাহরুখ-পুত্রের জামিন হবে নাকি রিমান্ডের মেয়াদ বাড়ানো হবে, সেদিকেই এখন সবার নজর।
আরিয়ানের বিরুদ্ধে নানা প্রমাণ এসেছে এনসিবি-র হাতে। তাই সহজেই যে এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না আরিয়ান, তা অনুমান করা যাচ্ছে। আরিয়ান ও তার বন্ধুদের থেকে তথ্য নিয়ে ড্রাগ মাফিয়াদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে এনসিবি।
শনিবার রাতে বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে তল্লাশি চালিয়ে আরিয়ান সহ দশ জনকে আটক করে এনসিবি। সেখান থেকে উদ্ধার করা হয় কোকেন, এমডিএমএ, এক্সটেসি সহ আরও নানা ধরণের নিষিদ্ধ মাদক।
৪ অক্টোবর ছিল এই মামলার শুনানি। সেদিন আদালতে এনসিবি জানায়, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক পাচারকারী ও লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তাই তারা আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রেখে জেরা করতে চায়। আজ এই সময়সীমা শেষ হচ্ছে। আরিয়ান খানের আইনজীবী আবারও জামিনের আবেদন করবেন আজ।
আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেছেন, প্রমোদ তরীতে আরিয়ান কোনও মাদক বিক্রি করতে যাননি। তাকে ওই প্রমোদতরীতে আমন্ত্রণ জানানো হয়েছিল অতিথি হিসাবে।
এনিসিবির জিজ্ঞাসাবাদে অবশ্য আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন ৪ বছর ধরে মাদক নেন তিনি।










