ইউরোপজুড়ে প্রবল তুষারপাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। গ্রিক দ্বীপমালা থেকে শুরু করে দক্ষিণ ইটালি পর্যন্ত বরফে ঢেকে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে এ সপ্তাহ জুড়ে ইউরোপে আরও প্রবল তুষারপাতের আশঙ্কা করা হয়েছে। ইটালিতে ফেরি চলাচল ও বিভিন্ন এয়ারপোর্ট বন্ধ রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
নতুন বছরের শুরুতেই শীত জেঁকে বসেছে ইউরোপের বেশীরভাগ এলাকায়। গ্রিক দ্বীপমালা থেকে দক্ষিণ ইটালি পর্যন্ত অনেক দেশ বরফে ঢেকে গেছে।
প্রচন্ড শীতে গৃহহীন ৫ ব্যক্তির মৃত্যুর পর দেশটিতে গৃহহীনদের জন্য বিভিন্ন আবাসিক ভবন দিন-রাত খোলা রাখা হয়েছে।
তুষার ঝড়ের কারণে তুরস্কের ইস্তাম্বুলের বসফোরাস প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তীব্র শীতে শুধু পোল্যান্ডেই ১০ জনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গ্রিক দ্বীপপুঞ্জগুলোতে আশ্রয় নেয়া শরণার্থীদের বিভিন্ন গরম তাঁবুতে নেয়া হচ্ছে।
রাশিয়ার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। ১শ’ ২০ বছরের ইতিহাসে শীতলতম বড়দিন পালন করেছে রাশিয়া। চেক এর রাজধানী প্রাগে ৩ জন গৃহহীন এবং বুলগেরিয়ায় ২ ইরাকি শরণার্থীর মৃত্যু হয়েছে। তুষারপাতে কষ্ট পাওয়া লোকদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।







