আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করার সুযোগ পেয়ে বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। ২০১৪ সাল থেকে টাইগারদের ট্রেনার হিসেবে কাজ করে আসছিলেন এ শ্রীলঙ্কান। ফেব্রুয়ারি-মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট।
বুধবার বিসিবির কাছে পদত্যাগ পত্র দিয়েছেন মারিও। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, পারস্পরিক সমঝোতায় তাকে ছেড়ে দিচ্ছে বোর্ড।
‘মারিও আইপিএলের কোনো একটি ফ্র্যাঞ্চাইজির ট্রেনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা তাকে আটকাইনি। উনি আমাদের জাতীয় দলের পাশাপাশি আইপিএলে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ কোচ নিয়োগের যে শর্ত তা এটাকে সমর্থন দেয় না।’
‘শর্ত অনুযায়ী জাতীয় দলের দায়িত্বে থাকা কোচ কোনো দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করতে পারবেন না। তার চলে যাওয়ার সিদ্ধান্তটি আমাদের দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে। উনি আমাদের বরাবর একটি চিঠি দিয়েছেন। অনতিবিলম্বে তা কার্যকর হবে।’








