দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে অ্যাম্বুলেন্সটি পুড়িয়ে দেয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে এ ঘটনা ঘটেছে।।
নিহতরা হলেন, বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবু (২৩) এবং একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২২)।
মো. লাবু কয়েকদিন আগেই বিয়ে করেন। শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোটরসাইকেল মেরামত দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। পথে বাজারদিঘী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে তাতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।








