দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিদিন। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক শিশু এবং মাদারিপুরে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৭শ’র বেশি রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সরকারি হিসাবমতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ হাজার মানুষ। তাদের মধ্যে মৃত্যৃ হয়েছে ৪৩ জনের।
হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না দিয়ে কোনো রোগীকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে সচেতনতার অভাব রয়েছে সেখানে। প্রতিটি ডেঙ্গু রোগীকে মশারির মধ্যে থাকতে বলা হলেও এ নির্দেশ মানছেন না অনেকেই। মশারি থাকলেও টানাচ্ছেন না অনেকে।
সকাল হওয়ার সাথে সাথেই হাসপাতালগুলোর প্যাথলজি বিভাগের সামনে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভীড় জমাচ্ছেন রোগীর স্বজনরা। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যারা জ্বর নিয়ে আসছে এবং জ্বর শনাক্ত হচ্ছে তাদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জরুরি ও বর্হিবিভাগে ডেঙ্গু জ্বরের রোগীর ভীড় বাড়ছেই। ডেঙ্গু শনাক্তের পরীক্ষাসহ ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য রোগী আসতে শুরু করে চলতি মাসের শুরু থেকেই।
ঢাকার প্রায় প্রতিটি সরকারি হাসাপাতালের জরুরী ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে জ্বর নিয়ে অন্তত একশ’ থেকে দেড়শ’ রোগী আসছেন।
শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে প্রায় ৪ থেকে ৫ জন করে শিশু। বেডে জায়গা না পেয়ে নিচে ও বারান্দায় অবস্থান নিয়েছে অনেকে। চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পরও হাসপাতালে বেডের অভাব থেকেই যাচ্ছে।








