লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার রাতে উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইয়ান্নিক সিনার। সেই ম্যাচটি বিশ্বব্যাপী ২৯ লাখ মানুষ সরাসরি সম্প্রচার দেখে। যা ২০১৯ উইম্বলডন ফাইনালের পরে সর্বোচ্চ।
২০১৯ সালের ফাইনালে খেলা দুই টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার পাঁচ সেটের রোমাঞ্চকর ফাইনালটির সম্প্রচার দেখেছিল ৩৮ লাখ দর্শক। সেবার সার্বিয়ান মহাতারকা জোকোভিচ জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম।
২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের।এবারের উইম্বলডনের সেমিফাইনালে সিনারের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ৩৮ বর্ষী মহাতারকার।
ইএসপিএন নেটওয়ার্কের তথ্যমতে, উইম্বলডনের এবারের আসরের প্রতিটি ম্যাচ গড়ে ১৩ লাখের বেশি দর্শক দেখেছেন। যা ২০১৯ এর পর সর্বোচ্চ।
দর্শক ভিউ বেড়েছে মেয়েদের উইম্বলডনেও। সেমিফাইনালে আমান্ডা আনিসিমোভা ও আরিয়ানা সাবালেঙ্কার ম্যাচটি ৯ লাখের কাছাকাছি দর্শক দেখেছেন। যা ২০১৫ সালের আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামসের পর সর্বোচ্চ।







