সাদা বলের ক্রিকেটে সময়টা ভালো না গেলেও লাল বলে যোগ্যতার ছাপ রেখে চলছেন লিটন দাস। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন মারকুটে ডানহাতি ব্যাটার। কিউইদের বিপক্ষে দুই টেস্টে একটি করে শতক ও অর্ধ শতকে করেন ১৯৬ রান।
কিউইদের শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত সব শট। হাল ধরেছিলেন টাইগারদের বাজে সময়ে। ব্লাক ক্যাপসদের ডেরায় প্রথম জয়ে উইকেটের সামনে পেছনে রেখেছিলেন বড় ভূমিকা। এবার পেলেন ধারাবাহিক ভালো করার পুরস্কার। টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা ১৫ তম স্থানে উঠে আসলেন ড্যাশিং এই ব্যাটার।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং হালনাগাদে টেস্ট র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন লিটন। ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ পনেরতে উঠতে পেরেছেন এ ব্যাটার। র্যাঙ্কিয়ে এগিয়েছেন মুমিনুল হকও।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে লিটন রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। টাইগারদের হয়ে ২০১৭ সালে সেরা ১৪তম স্থান দখল করেছিলেন তামিম ইকবালের। সেরা ১৬তম অবস্থানে উঠেছিলেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ১৭তম। অধিনায়ক মুমিনুল হক এসেছিলেন ১৮তম অবস্থানে।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উন্নতি করেছেন টাইগার দলপতি মুমিনুল হকও। দুই টেস্টে ১৩৮ রান করা ডানহাতি ব্যাটার এগিয়েছেন আট ধাপ। রয়েছেন সেরা ৩৭তম অবস্থানে। ২১ ধাপ এগিয়ে ৮৭তম অবস্থানে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। ৭২৮ র্যাঙ্কিং নিয়ে সেরা ১১ নম্বরে কিউই অধিনায়ক টম ল্যাথাম। দুর্দান্ত ফর্মে থাকা ডেভন কনওয়ে রয়েছেন ২৯তম অবস্থানে।
বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাউন্ট মঙ্গানুইয়ের নায়ক ইবাদত হোসেন। ১৭ ধাপ এগিয়ে সেরা একশোতে ঢুকেছেন ডানহাতি পেসার। একধাপ পিছিয়ে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ (১৮৬)। টেস্ট না খেললেও ৩২৪ পয়েন্ট নিয়ে সেরা চারেই আছেন সাকিব আল হাসান।







