যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভয়াবহ দাবানলে দুই শিশু ও এক বৃদ্ধাসহ অন্তত পাঁচজন মারা গেছে।প্রবল বাতাসের কারনে দাবানলটি চারদিকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা একে বিগত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মন্তব্য করেছেন।
ক্যালিফোর্নিয়ার সাস্তা কাউন্টিতে এ দাবানলের সূত্রপাত হয় গত ২৩ জুলাই। সেখান থেকে দাবানলটি ছড়িয়ে পড়তে থাকে এবং আগুনের তেজ ধীরে ধীরে বাড়তে থাকে। দাবানলটির স্থানীয় নাম দেয়া হয়েছে ‘কার ফায়ার’।
স্থানীয় একজন উদ্ধারকর্মী জানান, ‘ দাবানলটি এখন কুণ্ডলী পাকিয়ে টর্ণেডোর আকার ধারণ করছে।
বিবিসির তথ্য অনুযায়ী, এতে অন্তত ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৭ জন ব্যক্তি।আগুনের তোপে প্রায় পাঁচশ’ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি হুমকির মধ্যে পড়েছে। এছাড়া নষ্ট হয়েছে বিপুল পরিমাণ গাছপালা ও বনাঞ্চল।
আগুনের শিখায় ৪৮ হাজার একর বা ১৯৪ বর্গ কিলোমিটার জমি পুড়ে গেছে। আয়তনের দিক থেকে তা সানফ্রান্সিকো শহরের চাইতেও বড়। প্রশাসনের পক্ষ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।







