স্টিভেন স্পিলবার্গের পরিচালনায়, টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপ অভিনীত ‘দ্য পোস্ট’ চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে।
হলিউড রিপোর্টারের সূত্রমতে, ডোনাল্ড ট্রাম্পের বাহিনী একই সাথে হোয়াইট হাউজে এবং সামনে অনুষ্ঠিতব্য ট্রাম্পের ক্যাম্প ডেভিডের সম্মেলনে এই চলচ্চিত্র প্রদর্শনের জন্য অনুরোধ জানিয়েছে।
টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপের ‘দ্য পোস্ট’ এর কাহিনী সাংবাদিকদের নিয়ে গড়া, যেখানে ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় সরকারের বিরুদ্ধে গিয়ে জনগণের জন্য সঠিক তথ্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ থাকে সেই সংবাদকর্মীরা।
এই চলচ্চিত্রে সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, আর পত্রিকার প্রকাশক ক্যাথেরিন গ্রাহামের চরিত্র পর্দায় এনেছেন মেরিল স্ট্রিপ। নিজেদের পত্রিকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুইজনেই অক্লান্ত পরিশ্রম করে যান।
মেরিল স্ট্রিপ ও টম হ্যাঙ্কস দুইজনেই ট্রাম্পের কড়া সমালোচক বলে পরিচিত। সম্প্রতি হ্যাঙ্কস এই ঘোষণাও দিয়েছেন, হোয়াইট হাউজে ‘দ্য পোস্ট’ প্রদর্শিত হলেও সেখানে উপস্থিত থাকবেন না তিনি।
উল্লেখ্য, এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য পোস্ট’।







