হতাশ বদনে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল আশরাফুল ইসলামের। আসর শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক বারবার মনে করিয়ে দিয়েছিলেন শক্তিশালী প্রতিপক্ষের সাথে জয় বা ড্র নিয়ে ভাবছেন না। ভালো খেলাই হবে লক্ষ্য। ভারতের সাথে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সেই ভালো খেলার মানে খোঁজাই দূরহ হয়ে পড়েছে।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে আশরাফুল তুলে ধরলেন বাস্তবতাটা। মিস পাসের ছড়াছড়ি নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা আসলে ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ভারতের সবাই এই সময়ের ভেতর ৫০-৭০টি ম্যাচ খেলেছে। আমরা একটাও খেলিনি। এখানেই গ্যাপ হয়ে গেছে।’
‘আমরা স্বল্প সময়ে যতটুকু শিখতে পেরেছি, ততটুকু ট্রাই করেছি। অল্পদিন ক্যাম্প করেছি। ভারত সুসংগঠিত দল। তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তিন নম্বরে আছে। তবে নিজেদের ভুলে আমরা ২-৩ গোল বাজেভাবে খেয়েছি।
সবশেষ এশিয়া কাপে ভারতের সাথে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ৯ গোলে হার। বাংলাদেশ এগিয়েছে, নাকি পিছিয়েছে?
এমন প্রশ্নে হতাশার কাষ্ঠ হাসি স্বাগতিক অধিনায়কের মুখে, ‘আমার মনে হয় বাংলাদেশ আগের জায়গায় আছে। কিন্তু ভারত অনেক এগিয়েছে।’
পরের ম্যাচে ভারতকে ২-২ গোলে রুখে দেয়া শক্তিশালী সাউথ কোরিয়ার সাথে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের পরিকল্পনা নিয়ে আশরাফুলের জবাব, ‘পরিকল্পনা বলতে পারছি না। ওদের ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে। সেগুলো দেখে পরিকল্পনা করব।’
ভারত ম্যাচে কি স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন? অধিনায়ক বললেন, ‘আমরা প্রথম তিন কোয়ার্টারে নিজেদের মতো খেলতে পেরেছি। তারপর আর পারিনি।’ যদিও প্রথম তিন কোয়ার্টারে বাংলাদেশ ছয় গোল হজম করেছে।
‘আমরা আমাদের মতোই খেলেছি। আমরা জানি ভারত খুব ভালো দল, আর তাদের সাথে কীভাবে খেলতে হবে, আমাদের পরিকল্পিনা কি আমরা জানি।’ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ময়দানে যদিও সেই জানার ছিটেফোঁটার দেখাও মিলল না।








