আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধের এক নম্বর গেইটের পাশে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসের ভেতরে আলাদা দুটি গাছে ফুটেছে অপরূপ পলাশ ফুল। সেই পলাশে মুগ্ধ অসংখ্য মানুষ।
শনিবার পেশাগত কাজ শেষে গাড়িতে করে জাতির পিতার পৈতৃক বাড়িতে যাওয়ার পথে চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজের চোখেও পড়ে পলাশ ফুলের অপরূপ সেই দৃশ্য।
তা দেখে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি, চলেন যান সেই গাছের তলায়। অপূর্ব পলাশ ফুল দেখে নিজেই ভিডিও এবং স্থির চিত্র ধারণ করতে থাকেন দেশের বিশিষ্ট এ গণমাধ্যম ব্যক্তিত্ব। গুনগুন করে গাইতে থাকেন তপন চৌধুরীর বিখ্যাত সেই গান ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসছে দারুণ মাস।’
সবুজ গাছ-পালায় ঘেরা জাতির পিতার সমাধি সৌধের পাশে পলাশ গাছের নিচে দাঁড়িয়ে থাকা শাইখ সিরাজকে দেখে ছুটে আসেন সব বয়সের মানুষ। তার সাথে ছবি তোলার আগ্রহও প্রকাশ করেন তারা। সেসময় শিশুদের সাথে অনেক ছবি তোলেন তিনি।
জাতির পিতার সমাধি সৌধে আসা পর্যটকদের মন ভরে যায় ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুল দেখে। ফুলে ফুলে ছেয়ে যাওয়া গাছটির নিচে দাঁড়িয়ে ছবি তোলেন মাটি ও মানুষের প্রাণ ও কৃষকের বন্ধু শাইখ সিরাজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথের পাশে একুশে ফেব্রুয়ারি লাইব্রেরির সামনের একটি গাছেও ফুটেছে অপরূপ সুন্দর পলাশ ফুল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বসন্তে ফোটা এই পলাশ ফুল দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন সেখানে।







