টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংর্ঘষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছেন অারও ৩ জন।
বুধবার দুপুরে সখীপুর-ইন্দারজানি সড়কের তৈলধারা বটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান (৮৫) এবং তার স্ত্রী আছিয়া খাতুন (৭৫)। আহতরা হলেন লাল মিয়া (৫০), মনোয়ারা (২৫) ও মাধবী (১৮)।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মতিউর রহমান তার অবসর ভাতার টাকা তুলতে ও স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোভ্যানে করে সখীপুর যাচ্ছিলেন। পথে বটাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমান ও আছিয়াকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ আমীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








