ব্যাট হাতে খারাপ সময় কাটিয়ে ধারাবাহিক হয়ে উঠছেন সৌম্য সরকার। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে খুলনার এ টপঅর্ডার ব্যাটসম্যান খেলেছেন ১৪১ বলে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম রাউন্ডে করেছিলেন সেঞ্চুরি।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পরা সৌম্য প্রথম রাউন্ডে দ্বিতীয় ইনিংসে সাতে নেমে খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। সেঞ্চুরির পর ব্যাট অর্ডারে পান প্রমোশন। দ্বিতীয় রাউন্ডে এক ইনিংস ব্যাট করার সুযোগ পাওয়া সৌম্য তিনে নেমে করেন ৩৩ রান।
সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে সৌম্য ও এনামুল হক বিজয়ের (৫৬) অর্ধশতকে প্রথম দিন শেষে খুলনা ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৭২ রান।
ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য-বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১১১ রান। তাতে দলটি পায় মাঝারি পুঁজি।
৪ উইকেট নিয়ে রংপুরের বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম দিনের সেরা। মোহাম্মদ সাদ্দাম নিয়েছেন একটি উইকেট।
বরিশালে প্রথম স্তরের অপর ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে। বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচটির টসই হতে দেয়নি বৃষ্টি। একই কারণে খেলা হয়নি কক্সবাজারেও। দ্বিতীয় স্তরের ঢাকা-সিলেটের ম্যাচেও টস হয়নি।
বগুড়ায় দ্বিতীয় স্তরের অপর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছে ঢাকা মেট্রো। জাবিদ হোসেন ৭৯ ও তাসকিন আহমেদ ২১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
শামসুর রহমান শুভ আহত অবসরে ড্রেসিংরুমে ফেরার আগে করেন ৫০ রান। এছাড়া শরিফউল্লাহ ৪৫ ও সাদমান ইসলাম করেছেন ৩৬ রান।
ম্যাচে ২০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মোহাম্মদ আশরাফুল। মুমিনুল হকের থ্রোতে মেট্রোর এ মিডলঅর্ডার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানআউট হয়ে।
শাখাওয়াত হোসেন ও হাসান মাহমুদ নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন নাঈম হাসান।







