বছর ঘুরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। পঞ্চম আয়োজনের প্রথম রাতে যন্ত্রানুষঙ্গ আর রাগ সঙ্গীতের মূর্চ্ছনায় মোহিত নগরের সঙ্গীতপ্রেমীরা।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে ৫ দিনের বেঙ্গল ক্ল্যাসিক মিউজিক ফেস্টিভ্যাল। সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে উৎসর্গ করা হয়েছে এবারের আয়োজন।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও উপমহাদেশের সবচেয়ে বড় এ সংগীতায়োজনে অংশ নেন বিদুষী গিরিজা দেবি। সেনিয়া ও বেনারস ঘরানার সঙ্গীতে বিশেষ পারদর্শী গিরিজা দেবির এটিই শেষ পরিবেশনা।
একই ঘরানার সংগীত সরোদের মূর্ছনায় দর্শক হৃদয়ে পৌঁছে দেন রাগসংগীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র দৌহিত্র ওস্তাদ আশিষ খাঁ।
বিদুষী অশ্বিনী ভিদে দেশপান্ডের রাগ দূর্গা এবং পণ্ডিত সঞ্জীব অভয়ংকরের খেয়াল যুগলবন্দীতে মুগ্ধ ধ্রুপদী সংগীত উপভোগ করতে আসা হাজারো দর্শক। অশ্বিনী দেশপান্ডে পরিবেশন করেন রাগ দূর্গা এবং সঞ্জীব অভয়ংকর রাগ ভূপালি।
শেষ রাতে মঞ্চে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেহালাশিল্পী ডক্টর লক্ষ্মীনারায়ণ সব্রহ্ম্যনন। রাগ আদি তালম দিয়ে শুরু করে পরিবেশনা শেষ করেন নিজস্ব সৃষ্টি রাগ ছন্দপ্রিয়া দিয়ে।
দ্বিতীয় রজনীতে বাংলাদেশের প্রিয়াংকা গোপ, মোহাম্মদ শোয়েব ও তার দলের পরিবেশনা ছাড়াও থাকছে পণ্ডিত উলহাস কালাশকারের খেয়াল এবং রাহুল শর্মার সন্তুর।








