কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। শক্তি ও সামর্থের বিচারে ম্যাচে ব্রাজিলই ফেভারিট। টুর্নামেন্টের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও উরুগুয়েকে রুখে দেয়া প্যারাগুয়ের লক্ষ্য ব্রাজিলকে চমকে দেয়া।
চলতি কোপা’য় নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে লাল কার্ডে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেখলেন দলের সেরা খেলোয়াড় ও অধিনায়ক নেইমার।
কোয়ার্টার ফাইনাল খেলতে হলে ভেনিজুয়েলার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিলো না। নেইমারকে ছাড়াই তা করে দেখিয়েছে দুঙ্গার দল। শনিবার রাতে ব্রাজিলের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ে। শেষ কোয়ার্টার ফাইনালে নিজেদের পারফরম্যান্সকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় জানালেন সেলেকাও কোচ কার্লোস দুঙ্গা।
টুর্নামেন্টে একের পর এক চমক দেখিয়েছে দুইবারের কোপা চ্যাম্পিয়ন প্যারুগুয়ে। ব্রাজিলকে শিরোপার দাবিদার স্বীকার করেও প্যারাগুয়ের হেড কোচ র্যামন দিয়াজ কোনও ছাড় দেবেন না বলেই ঘোষণা দিয়েছেন।
শেষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিল জিতলেই দ্বিতীয় সেমিফাইনলেই দেখা যাবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’। তবে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো দলকে জয় বঞ্চিত প্যারাগুয়ে তা হতে দিবে কিনা তা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা।






