মুমিনুল-ইমরুল, মুমিনুল-সাকিব। এই দুই জুটিতে চট্টগ্রাম টেস্টে প্রথমদিনের দুপুর স্বস্তিতে পার করে বাংলাদেশ। বিকেল নাগাদ দল যখন বড় সংগ্রহের আশায়, ঠিক তখন একদিনে গুটিয়ে যাওয়ার শঙ্কা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখার সময় সাত উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৪০। এক সময় স্কোর ছিল ১৫৩/৩।
বাংলাদেশের আশা বড় হয় মুমিনুল হক সৌরভের সেঞ্চুরিতে। ১৩৫ বলে শতকে পৌঁছান। সাজঘরে ফেরেন ১২০ রানে। ইমরুল কায়েসের সঙ্গে প্রথমে ১০৪ রানের জুটি গড়েন। এরপর মোহাম্মদ মিঠুনকে নিয়ে যোগ করেন আরও ৪৮ রান। সাকিবের সঙ্গে ৬৯।
ক্যারিয়ারে মুমিনুলের এটি অষ্টম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে এত সংখ্যক সেঞ্চুরি আছে কেবল তামিমের। ২০১৮ সালে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি। চলতি বছরে চারটি সেঞ্চুরি আছে বিরাট কোহলিরও।
বিকেলের মতো সকালের শুরুটাও ভালো হয়নি। ওপেনার সৌম্য সরকার প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন। কেমার রোচের অফস্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন। বেরিয়ে যাওয়া বল ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। এক বছর পর সাদা পোশাকে খেলতে নেমে শূন্য রানে আউট হতে হয় এই ওপেনারকে।
লাঞ্চের ঠিক আগে ইমরুল শর্টলেগে ক্যাচ দিয়ে পথ ধরেন। যাওয়ার আগে ৮৭ বলে ৪৪ করে যান। এরপর মিঠুন ৫০ বলে ২০ করে বিদায় নেন।
মিঠুনের পর মুমিনুল ফিরতেই একে একে বিদায় নেন মুশফিক (৪), মাহমুদউল্লাহ (৩) এবং সাকিব (৩৪)।







