সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ্ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন, দি সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস্ জানিয়েছে, প্রদেশটির আইএস অধ্যুষিত আল খান এলাকায় ওই হামলা চালানো হয়।
তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে সংগঠনটি।
এর আগে রোববার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বাশার আল-আসাদ সরকার।
যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন সামরিক জোট।






