শ্রীদেবীর শোকে এই মুহূর্তে কাতর হয়ে আছে পুরো বলিউডসহ তাঁর অগণিত ভক্ত। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী।
বেশ কিছু গণমাধ্যম থেকে জানা যায়, শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হন স্বামী বনি কাপুরের সঙ্গে ‘সারপ্রাইজ ডিনার ডেট’-এ যেতে তৈরি হবার সময়।
শ্রীদেবীকে চমকে দিতে বনি কাপুর মুম্বাই থেকে দুবাই গিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে তাঁর হোটেলে যান। এরপরই তাঁদের একসঙ্গে রাতের খাবার খেতে যাওয়ার কথা ছিল। আর সে জন্যই তৈরি হতে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শ্রীদেবী।
অনেকক্ষণ সাড়া না পেয়ে ১৫ মিনিট পর বাথরুমে ঢুকে বাথটাবে পানি ভর্তি অবস্থায় তাঁকে অচেতন অবস্থায় পান স্বামী বনি কাপুর।
জ্ঞান ফেরাতে না পেরে রাত ৯টার দিকে দ্রুত বন্ধু ও পুলিশকে খবর দেন বনি। কিন্তু, হাসপাতালে নেয়ার আগেই মারা যান শ্রীদেবী।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের শিল্পপতি অনিল আম্বানি তাঁর ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন শ্রীদেবীর লাশ মুম্বাইয়ে ফিরিয়ে আনতে। সোমবার শ্রীদেবীর শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা।








