ঢাকা-আরিচা মহাসড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ৬৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মহাসড়কের প্রধান ফটক ও মীর মশাররফ হোসেন হল ফটকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কাজী আহমেদ রেজাকে (২৮) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজধানীর গুলশান-২ এ ‘এক্সেঞ্জার’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের একাউন্ট ম্যানেজমেন্টের কাজ করেন।
ঘটনার সময় তার শ্যালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (৪০ তম আবর্তন) শিক্ষার্থী হেলাল উদ্দিন অনু সঙ্গে ছিলেন।
ঘটনার শিকার রেজা ও অনু চ্যানেল আই অনলাইনকে জানান, সাভার থেকে আইপিএস এর ব্যাটারি কিনে রাত সোয়া আটটার দিকে তারা দুজন রিক্সাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়ক লাগোয়া মীর মশাররফ হোসেন হল ফটক পার হওয়ার পর পরই দুই দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ও দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে কয়েকজন শিক্ষার্থী আহত রেজাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। আহতের অবস্থা গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসক কাজী এজাজ তাকে সাভারের এনাম মেডিকেলে স্থানান্তর করেন।
কাজী এজাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাঁ হাতের রগ কেটে গেছে। জরুরী অপারেশন প্রয়োজন।








