রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৭০)।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (নম্বর-২১৩)।
সন্ধ্যায় খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিনশ’ ফিট এলাকার রাস্তা থেকে তার ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করে।
ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয় নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, সোমবার বিকাল ৫টায় ধানমণ্ডির ৯/এ রোডের বাসা থেকে মারুফ জামান নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দরের উদ্দেশে বের হন। তার মেয়ে সামিহা জামানের বেলজিয়াম থেকে সন্ধ্যা ৭টায় বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
“কিন্তু বিমানবন্দরে সামিহা জামান পৌঁছালেও তার বাবা তাকে রিসিভ করার জন্য সেখানে যাননি বলে তিনি নিজেই বাসায় চলে আসেন।”
অনেক খোঁজাখুঁজি করে মারুফ জামানের কোনো অবস্থান নিশ্চিত না করতে পেরে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে থানায় জিডি করা হয় বলে জানান লতিফ।
ওসি জানান, ‘জিডি করার পর তারা প্রাথমিকভাবে দেশের সব থানায় ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছেন। পরে জানতে পারেন, খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিনশ’ ফিট এলাকার রাস্তা থেকে তার প্রাইভেটকারটি উদ্ধার করেছে। তার খোঁজ জানার চেষ্টা হচ্ছে।’
খিলক্ষেত থানার এসআই এমএ জাহেদ জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনশ ফিট সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করা হয়। এক্স-করোলা ব্র্যান্ডের গাড়ির ভেতরে রেজিস্ট্রেশনের কাগজ ছাড়া আর কিছু ছিল না।’
জিডির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই তরিকুল ইসলাম বলেন, ‘মারুফ জামানের মোবাইলফোনের সর্বশেষ লোকেশন ট্রেস করে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে উত্তরার কাওলা দক্ষিণখান এলাকার দিকে পাওয়া গিয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।’
মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৭৩ সালে সেনা কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে আত্মীকরণ হন। সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছিলেন।







