একটি ছোট সংসার, তার সদস্য মা, ভাই আর বোন। সহজ-সরল ও মিতব্যায়ী ভাইয়ের বদৌলতে সাবলেট হিসেবে এক তরুণের আশ্রয় হয় বাড়িটিতে। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা, উন্মোচিত হতে শুরু করে একেকটি চরিত্র। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে হাস্যরসাত্মক ওয়েব সিরিজ ‘সাব-সাবলেট’।
বাংলাঢোলের প্রযোজনায় ‘সাব-সাবলেট’-এ প্রধান তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মারজুক রাসেল, নিলয় আলমগীর, শাহতাজ। নিজের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন ‘ডিটেকটিভ লাভলু মিয়া’খ্যাত নির্মাতা সাকিব রায়হান।
এই ওয়েব সিরিজ নিয়ে নির্মাতা সাকিব বলেছেন, ‘কোনো রকম ভাঁড়ামো ছাড়াই একটি হাস্যরসাত্মক ওয়েবসিরিজ তৈরি করেছি আমরা, যা সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাবে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, আমাদের গল্পটি দর্শকহৃদয় ছুঁয়ে যাবে।’
নিলয় আলমগীর, মারজুক রাসেল ও শাহতাজের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন রিফাত জাহান, শাহেদ শাহরিয়ার, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, শামীম আহমেদ, সোহান বাবু প্রমুখ।
‘সাব-সাবলেট’ এর শুটিং শেষ। এটি নির্মিত হয়েছে ১৩ পর্বে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এয়ারটেলস্ক্রিণে ১৫ অক্টোবর থেকে উপভোগ করা যাবে ‘সাব-সাবলেট’।








