শিশুর দেখা কোনো বিভৎস ঘটনার বর্ণনা শিশুদের কাছ থেকে কোনো মনোচিকিৎসকের সাহায্য ছাড়া নেওয়া সাংবাদিকতার নৈতিকতা বিরোধী। কিন্তু আমাদের দেশে বরাবরই সেসব ঘটনা ঘটে আসছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের ঘটনায় তাদের শিশুসন্তান মেঘের সাক্ষাৎকার নেয় গণমাধ্যম। একই ঘটনা ঘটলো চট্টগ্রামের পুলিশ সুপারের স্ত্রী নিহতের পরে তাদের শিশুপুত্রের সঙ্গে।
এই বিষয়ে এবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএসএসের নিউজ কনসালট্যান্ট খন্দকার মুহিতুল ইসলাম ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আবার তোরা মানুষ হ। হত্যাকাণ্ডের ঘটনায় শিশুর সাক্ষাৎকার নেয়া সাংবাদিকতার নৈতিকতা বিরোধী। রোববার সকালে চট্টগ্রামে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন পুলিশ কর্মকর্তার স্ত্রী।
সাম্প্রতিক ঘটনাটির বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, আর এই হামলার বিষয়ে প্রথম শ্রেণী পড়ুয়া শিশু সন্তানটির মা কিভাবে খুন হলেন সে সাক্ষাৎকার নিয়েছে কিছু গণমাধ্যমকর্মী। প্রশ্ন উঠতে পারে ট্রমায় আক্রান্ত একটি শিশুকে জেরা করে করে সাক্ষাৎকার কি নেওয়া যায়? কখনোই নয়। সাগর-রুনির শিশু সন্তানটিকে নিয়েও একই অন্যায় করেছিল কিছু মিডিয়া। মিডিয়া বিষয়টির পুনরাবৃত্তি ঘটালো এসপির সন্তানকে নিয়েও। এই সাংবাদিকদের কি বলা যায়? আবার তোরা মানুষ হ।








