ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। উন্মুক্ত পদ্ধতিতে হবে এবারের দলবদল। আগের দুটি আসরে খেলোয়াড়দের আপত্তির পরও প্রয়োগ করা হয় দলবদলের ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতি।
দেশের শীর্ষ ক্রিকেটারদের ১১ দফা দাবির একটি ছিল পছন্দমতো ক্লাবে খেলার স্বাধীনতা দেয়া। আন্দোলনের পর এবার সেটি কার্যকর করতে যাচ্ছে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
রোববার মিরপুরের বিসিবি কার্যালয়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেন সিসিডিএম কর্মকর্তারা। পরে সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে জানান তাদের নতুন কিছু সিদ্ধান্তের কথা।
‘গত দুইবছর প্লেয়ার্স বাই চয়েস ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন হয়েছিল সব দলের। এবার যেটি করছি, কয়েক মাস আগে বিসিবি সভাপতি একটি ঘোষণা দিয়েছিলেন সেটি বহাল থাকবে। খেলোয়াড়দের অনেকদিন ধরেই দাবি ছিল ডিরেক্ট সাইনিং। তারা এই কথাটা বারবার সামনে আনছিল, অনেক আগের যে ঐতিহ্য ছিল সেটি ‘‘উন্মুক্ত দলবদল’’ আমরা চালু করছি।’
স্থানীয়দের সুযোগ বাড়াতে বিদেশি খেলোয়াড় রাখা হচ্ছে না এবার। প্রিমিয়ার লিগে আগের আসরগুলোতে একজন করে বিদেশি ক্রিকেটার একাদশে রাখতে পারত ক্লাবগুলো। একটা সময় প্রতি ক্লাবে দুই-তিনজন করে বিদেশি ক্রিকেটারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেতেন।
প্রিমিয়ার লিগের দলবদল হবে আগামী ২, ৩ ও ৪ মার্চ। ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা তখন সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবেন। তারা যেন নির্ধারিত সময়েই দলবদলে অংশ নিতে পারেন এজন্য সিলেটেই রাখা হবে ব্যবস্থা।
ওয়ানডে সংস্করণ শেষে হবে টি-টুয়েন্টি লিগ। যেখানে অংশ নেবে ৫০ ওভারের লিগের সেরা ছয় দল। গতবার লিগে অংশ নেয়া ১২টি ক্লাবই সুযোগ পেয়েছিল টি-টুয়েন্টি আসরে খেলার।
ঢাকা লিগ হলেও প্রথম তিন-চার রাউন্ড হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। শুরুর দিকে জাতীয় দলের ব্যস্ততায় মাঠ সংকট দেখা দেবে, যে কারণে ডিপিএল শুরু হবে ঢাকার বাইরে থেকে। পরবর্তীতে মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে হবে লিগের ম্যাচ।







