চতুর্থ ওভারে পরপর দুই উইকেট। পরের তিন ওভারে ব্যাটসম্যানদের চাপে ফেলা। সাকিব আল হাসানের এমন বোলিংয়ের পরও রিশভ পান্টের সেঞ্চুরিতে দিল্লি ডেয়ারডেভিলস টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে।
২০ বছর বয়সী রিশভ এদিন জাদুকরী ব্যাটিং করেন। স্কুপ, সুইপ, রিভার্স-সুইপের পসরা সাজিয়ে বোলারদের দিশেহারা করে ছাড়েন। ৩৫ বলে অর্ধশতক করার পর ৫৬ বলে শতকে পৌঁছান। অপরাজিত ছিলেন ৬৩ বলে ১২৮ রান করে।

সাকিব এদিন নিজের প্রথম ওভারের শেষ দুই বলে জ্যাসন রয় এবং পৃথিবী শ’কে সাজঘরে ফেরান। ওই ওভার থেকে ৫ রান খরচ করেন। প্রথম তিন ওভার শেষে তিনি খরচ করেন মাত্র ১৪ রান। শেষ ওভারে রিশভ পান্ট তার ওপর চড়াও হয়ে ১৩ রান তুলে নেন। যার কারণে চার ওভার শেষে ২৭ রান খরচ হয়ে যায় তার।
একা রিশভই হায়দরাবাদকে ভোগান। অন্যরা যখন যাওয়া আসায় ব্যস্ত ছিলেন তখন পার্থিব প্যাটেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। এরপর ম্যাক্সওয়েলের সঙ্গে ৬৩ রানের বড় জুটি গড়ে দলের রান বাড়িয়ে নেন।
হায়দরাবাদ এই ম্যাচ জিতলে প্লেঅফে চলে যাবে। তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিল্লি আগেই টুর্নামেন্টে নিজেদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে।
রশিদ খান চার ওভারে ৩৫ রান দিয়ে উইকেটহীন। সন্দীপ শর্মাও উইকেট পাননি, রান দিয়েছেন ২৪। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৫১ রান দিয়ে এক উইকেট নেন।







