আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার মানুষকে ভয় পায় বলে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না বলে দাবি করেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে ভবিষ্যতে অন্য নির্বাচনগুলোতে জেতার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পর মেয়র মনিরুল ইসলাম সাক্কু মঙ্গলবার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে গেলে খালেদা জিয়া এসব কথা বলেন।
নিজ দলের প্রার্থী মেয়র হলেও বর্তমান নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ নয়’ বলেও এসময় মন্তব্য করেন খালেদা জিয়া।
এছাড়া ভবিষ্যতের বিভিন্ন নির্বাচনে আওয়ামী ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তরুণ নেতৃত্বকে বিকশিত করতে কাজ করতে হবে।







