প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা পুরোপুরি নিয়ন্ত্রণমূলক হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন। এই নীতিমালা তাই সংশোধন করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
নতুন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান বলেন, যেকোনো প্রতিষ্ঠান চালাতে বিধি বিধান থাকা দরকার। নিয়ম নীতির বাইরে গিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু সেই সব নিয়ম নীতি হতে হবে ভোক্তাদের স্বার্থে। সম্প্রচার মাধ্যমের জন্য তেমন একটি উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।
‘কিন্তু জাতীয় সম্প্রচার নীতিমালায় অনেককিছুই একতরফা করে করা হয়েছে,’ উল্লেখ করে জায়েদুল আহসান বলেন, এই নীতিমালায় বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো মৌলিক অধিকার বিরোধী বলে মনে হয়েছে। জরিমানা বা দণ্ডের যে নিয়ম রাখা হয়েছে সেই জায়গাটা আরো বেশি পরিস্কার করতে হবে,’ বলে মনে করছেন তিনি।
দেশ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক বলেন: এই নীতিমালা অনুসারে কেউ ক্ষতিগ্রস্ত হলে কমিশনের কাছে যাওয়া যাবে না। কোনো ক্ষতিপূরণ চাওয়া যাবে না। তাই এসব বিষয় অগণতান্ত্রিক মনে হয়েছে।
‘এই নীতিমালার মাধ্যমে সরকারকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।’
কমিশনের সক্ষমতা ও কার্যাবলী পুরোটাই সরকার দ্বারা নিয়ন্ত্রিত বলে এসব ক্ষেত্রে জায়েদুল আহসানের দাবী: কমিশনের দায়িত্ব কমিশনের উপরই দেওয়া উচিত। তারা কি করবে না করবে সেই সিদ্ধান্ত তাদের নিজ থেকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
পাশাপাশি তিনি এও বলেছেন, শুধু সংবাদকর্মীই নয়; নারীদের নিয়ে সংবাদ এবং নারীকর্মীও যেহেতু আগের চেয়ে অনেক বেড়েছে সেজন্য কমিশনে নারীর সংখ্যা বাড়ানো উচিত।
সঙ্গে কমিশনারদের যোগ্যতার বয়সটাও একটু বাড়ানো দরকার বলে মনে করেন জায়েদুল আহসান।
তিনি বলেন: কোনো প্রতিষ্ঠান চালাতে নীতিমালার প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা যেনো জনবান্ধব হয় সেদিকেও নজর রাখতে হবে। দণ্ড দেওয়ার বিধান বা দায়মুক্তির মতো বিষয়গুলো জনমনে ভীতির সঞ্চার করবে বলেই মনে করেন জায়েদুল আহসান।
একইরকম বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, সম্প্রচার নীতিমালা মূলত করা হয় একটি দেশের সম্প্রচার মাধ্যমকে আরো বিকশিত করার জন্য। কিন্তু এবারের নীতিমালা খুবই নিয়ন্ত্রণমূলক হয়েছে।
‘এটি গণমাধ্যমকে বিকশিত করবে না, বরং একটি কর্তৃত্ববাদী নীতিমালা বানানো হয়েছে।’
পুরো নীতিমালাটি তাই ঠিকঠাক করতে হবে বলে মনে করেন সাংবাদিকতার এই শিক্ষক। তার মতে, পুরো জিনিসটিই রিভিউ করা দরকার। তাহলে সমাধান আনা সম্ভব।







