অর্থনীতিবিদ ও সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্ণর ড. আতিউর রহমান বলেছেন, সবুজ পরিবেশের সঙ্গে সঙ্গে মনের সবুজায়নটাও এখন জরুরি। সেটা না হলে পরিবেশকে আমরা রক্ষা করতে পারব না। একই সাথে পরিবেশ ঠিক রাখতে হলে সরকারি অর্থ ও সহযোগিতা কোথায় কীভাবে যাচ্ছে এবং খরচ হচ্ছে সেটারও সঠিক অবলোকন করতে হবে।
মঙ্গলবার জাতীয় গ্রন্থগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পরিবেশ রক্ষায় নতুন সংগঠন ‘সবুজ পরিবেশ আন্দোলন’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবুজ অর্থায়নের মূল চিন্তক ড. আতিউর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমাদের মুক্তিযুদ্ধে যে ত্রিশ লাখ বাঙালি শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা একটি করে গাছ লাগাতে পারি। প্রতিটি গাছই হবে আমাদের স্মৃতির মিনার। এতে করে মানুষ, প্রকৃতি ও পরিবেশ আরও টেকসই হবে।
এই অর্থনীতিবিদ আরও বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবেশ রক্ষায় আগেই নির্দেশনা দিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরিবেশ রক্ষায় অসাধারণ ভূমিকা রেখে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা শুধু বাংলাদেশ নয়, এই পৃথিবীকেও ভালবাসি। রাজনীতি সচেতন তরুণরা পরিবেশ আন্দোলনে যুক্ত হচ্ছে এটি খুবই খুশির সংবাদ বলে তিনি উল্লেখ করেন।
আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য় ড. নাসরিন আহমাদ। 
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য় ও ইউজিসির সাবেক চেয়ারম্যান এমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, তারকা ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা, পরিবেশ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী এবং ডিআরইউ এর সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ‘সবুজ পরিবেশ আন্দোলন’ এর ওয়েবসাইট উদ্বোধন করেন মাশরাফি বিন মতুর্জা এবং ড. আতিউর রহমান।








