আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন দিল্লী ক্যাপিটালসের বোলাররা। কোলকাতার বিপক্ষে গত ম্যাচের ব্যর্থতা ভুলে এ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই পেয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। তবে এরপর আর উইকেটের দেখা পাননি বাংলাদেশের পেসার। দলের অন্যদের তুলনায় খরুচেও ছিলেন ফিজ।
মুম্বাইয়ের বারবোর্ন স্টেডিয়ামে মঙ্গলবার পাঞ্জাবকে ১১৫ রানে অলআউট করেছে রিশভ পান্টের দল। ৪ ওভারে ২৮ রান দিয়ে মায়াঙ্ক আগারওয়ালের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
টস জিতে বল করতে নামা দিল্লীকে প্রথম সাফল্য এনে দেন ললিত যাদব। ৯ রান করা শেখর ধাওয়ানকে সাজঘরে ফেরান ডানহাতি স্পিনার। পরের আঘাতটি হানেন মোস্তাফিজ।
আগের চার ম্যাচে প্রথম ওভারে বোলিং করলেও এদিন কাটার মোস্তাফিজ এসেছেন পঞ্চম ওভারে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে শর্ট অব লেন্থ ডেলিভারিতে বোল্ড করেন ভালো শুরু পাওয়া আগারওয়ালকে।
নবম ওভারে বোলিংয়ে ফিরে ৬ রান দেন ফিজ। ১৭তম ওভারে আবারও যখন বোলিং পান মুস্তাফিজ। ৯৭ রানে ৮ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল পাঞ্জাব। প্রথম তিন বলে রাহুল চাহারকে কোনো রান নিতে দেননি কাটার মাস্টার। পরের তিন বলে এক ছক্কা ও এক সিঙ্গেলে ৭ রান দেন।
কোটার শেষ ওভারটি করেন তিনি ইনিংসের শেষ ওভারে। দ্বিতীয় বলে ফুলটস পেয়ে চার মারেন আর্শদিপ সিং। বাকি চার বলে অবশ্য ব্যাটই ছোঁয়াতে পারেননি আর্শদিপ। শেষ বলে তিনি হয়ে যান রান আউট।
দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন চার জন- খলিল আহমেদ, ললিত যাদব, অক্ষর প্যাটেল ও কুলদিপ যাদব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জিতেশ।








