সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গেই কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের এসব কথা বলেন।
মার্শা বার্নিকাট বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এ জন্য সমাজের সব শ্রেণীর মানুষকে এ লড়াইয়ে শামিল হতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘সাইবার অপরাধ , সন্ত্রাস মোকাবেলা, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়ন। বাংলাদেশ ও আমেরিকা এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করবে, গভীরভাবে কাজ করবে, ভালোভাবে কাজ করবে। এ চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র।’
সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ও তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদের মাধ্যম কেউ বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। আমাদের নিয়মিত বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, গভীর হচ্ছে।”







